বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে শিক্ষা, বাণিজ্য এবং জনগণের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানিয়েছেন।
বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও ফ্রিডরিখ এবার্ট স্টিফটং (এফইএস) বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে কূটনীতিক, শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
আলোচনায় বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক, একাডেমিক সহযোগিতা, তরুণদের সম্পৃক্ততা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে এফইএস বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ড. ফেলিক্স গের্ডেস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আবদুল আলীম এবং এফইএস বাংলাদেশের প্রোগ্রাম অ্যাডভাইজার সাধন কুমার দাস বক্তব্য দেন।
প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থী ও শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বিশাল সামুদ্রিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্লু ইকোনমি বিকাশে আরও শক্তিশালী প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও টেকসই বিনিয়োগ প্রয়োজন। মানবাধিকার ও সুশাসনের ক্ষেত্রে তিনি সমতা, মর্যাদা, সামাজিক অন্তর্ভুক্তি এবং সম্মিলিত দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি তৈরি পোশাক খাতের কারিগরি প্রতিবন্ধকতা দূর, মানোন্নয়ন, শুল্কব্যবস্থা এবং বাণিজ্য সহজীকরণে দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতার ওপর গুরুত্ব দেন।
এ সময় রোহিঙ্গা সংকট, ফ্রান্সে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ, জাতিসংঘের ভেটো ব্যবস্থা এবং ফরাসি ধর্মনিরপেক্ষতা নিয়েও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাষ্ট্রদূত। তিনি বলেন, ফরাসি ধর্মনিরপেক্ষতার উদ্দেশ্য কোনো নির্দিষ্ট বিশ্বাস চাপিয়ে দেওয়া নয়; বরং সবার ধর্মীয় স্বাধীনতা ও বিশ্বাসের অধিকার নিশ্চিত করা।
বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এটি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ককে আরও গতিশীল ও শক্তিশালী করতে ফ্রান্স প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান।
এর আগে বুধবার বিকেলে ফ্রান্সের রাষ্ট্রদূত রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালিত ঐতিহ্যবাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তিনি জাদুঘরের সঙ্গে ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
এছাড়া মঙ্গলবার বিকেলে তিনি রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেন। সেখানে উৎপাদন, ব্যবস্থাপনা ও অবকাঠামো ঘুরে দেখে কারখানার আধুনিকায়নে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি রাজশাহী বিসিক শিল্প এলাকার সপুরা সিল্ক মিলসও পরিদর্শন করেন।
News Courtesy:
রাবিতে ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে ফরাসি রাষ্ট্রদূত – খবরের কণ্ঠ