Centre for Governance Studies, Dhaka

CGS in the media

পরিবর্তন আসবে ভূ-রাজনীতিতে বাংলাদেশের জন্য চাই নতুন নীতি, ওয়েবিনারে বিশিষ্টজন

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

মহামারির কারণে ভূ-রাজনীতিতে যে পরিবর্তন আসবে, সেটি অনুসরণ করে বাংলাদেশের নীতি নির্ধারণ করা উচিত বলে মন্তব্য করেছেন বিশিষ্টজন। গতকাল শনিবার সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত 'মহামারির ভূ-রাজনীতি :বাংলাদেশের চিত্রপট' শীর্ষক ওয়েবিনারে তারা এ মত দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের সিনিয়র ফেলো ড. আসিফ সাহানের সঞ্চালনায় আলোচনায় মূল বক্তব্য উপস্থাপন করেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রীয়াজ। আলোচনায় অংশ নেন ফ্রেডরিক-এবার্ট-স্টিফাং (এফইএস) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ফেলিক্স কলবিজ, সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মোহসিন এবং সুজ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।


অধ্যাপক আলী রীয়াজ বলেন, এক বছরেরও বেশি সময় ধরে মহামারি বিশ্বকে প্রভাবিত করে যাচ্ছে। এর ফলে পৃথিবীর নতুন একটি রূপ আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশও এর বাইরে নয়। এখানে চারটি বিষয় উল্লেখযোগ্য। এগুলো হচ্ছে, মহামারি বৈশ্বিক ক্রমবিন্যাসকে পরিবর্তন করবে, সেইসঙ্গে বিশ্বায়নের চরিত্রকেও প্রশ্নবিদ্ধ করে তুলবে। একীভবনের নতুন উদাহরণ দেখবে বিশ্ব, জনস্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নের সম্মুখীন হবে। এর উদাহরণ দেখা গেছে চীন, যুক্তরাষ্ট্র এবং বর্তমানে প্রতিবেশী দেশ ভারতের স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং চীনের বর্তমান বৈশ্বিক অবস্থান বিবেচনা করার মাধ্যমে বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থানের প্রেক্ষাপট বোঝা যাবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থিতিশীল থাকলেও চীনের সঙ্গে বর্তমানে সম্পর্ক উন্নত হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে দুটোই গুরুত্বপূর্ণ।

ফেলিক্স কলবিজ বলেন, মহামারির এই সময়টা মানুষের জীবনকে যেভাবে পাল্টে দিয়েছে সেভাবে পরিবর্তন এসেছে আর্থসামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রেও। এই পরিবর্তিত সময়ে করণীয় কী হতে পারে তা নিয়ে এফইএস-এর আমন্ত্রণে একটি বিশ্নেষণধর্মী পেপার লিখেছেন অধ্যাপক আলী রীয়াজ, যেখানে বর্তমান করোনা সংকটে বাংলাদেশের করণীয় কী হতে পারে এবং বাংলাদেশ তার উন্নয়ন কার্যক্রমের ধারা কীভাবে সচল রাখতে পারে তা বলা হয়েছে।

অধ্যাপক আমেনা মোহসিন বলেন, মহামারির কারণে বিশ্ব মেরুকরণ দেখছে যেখানে জাতিসংঘের মতো প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ব্যর্থ হচ্ছে। ভৌগোলিক কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশ ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের জন্য সংকটপূর্ণ অবস্থানে আছে বলে তিনি মনে করেন।

ড. ফাহমিদা খাতুন চীনের ওপর বাংলাদেশের নির্ভরশীলতা বাড়বে উল্লেখ করে সব দেশের সঙ্গে সাহায্য-অংশীদারিত্ব এবং সহায়তার সম্পর্কের ওপর জোর দেন।

এম. সাখাওয়াত হোসেন বলেন, একটি মাত্র দেশের ওপর নির্ভরশীল হয়ে বাংলাদেশ আজ টিকা পেতে ব্যর্থ হয়েছে। এজন্য প্রয়োজন একাধিক দেশের সঙ্গে বাংলাদেশের সমন্বয় করা।

News Courtesy:

https://samakal.com/todays-print-edition/tp-khobor/article/210598272/%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AD%E0%A7%82%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF