বর্তমানে সংবাদপত্রগুলো খারাপ সময় পার করছে। এখন বাংলাদেশে যে কেউ পত্রিকা বের করছে। এগুলোর সংবাদের মান এমন পর্যায়ে নেমেছে, যেটা দুঃখজনক। সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ধরে রাখতে না পারলে সংবাদপত্রের স্বাধীনতা অর্জিত হবে না। গতকাল বুধবার ‘গণমাধ্যমের শত্রুমিত্র’ শীর্ষক এক ওয়েবিনারে এমন মন্তব্য করেন বক্তারা।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ওয়েবিনারে বক্তারা বলেন, বর্তমানে বিজ্ঞাপনের জন্য সংবাদপত্রগুলোকে দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। সব বিজ্ঞাপন এখন অনলাইনকেন্দ্রিক। ফলে সংবাদপত্র হুমকির মুখে। এ বিষয়ে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর দৃষ্টি দিতে হবে।
তাঁরা বলেন, সংবাদপত্রের বন্ধু হলো জনগণ। সেই জনগণকেও সচেতন হতে হবে। যেকোনো জায়গা থেকে কিংবা অনলাইন থেকে সংবাদ নিলেও সেটার সত্যতা ও বস্তুনিষ্ঠতার বিষয়ে তাদের সজাগ থাকতে হবে।
সিজিএস’র নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় ওয়েবিনারে বক্তব্য দেন সংগঠনটির চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ, দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী প্রমুখ। উপস্থিত ছিলেন দি ফিন্যানশিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, আর্টিকেল নাইনটিন-এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল, আমাদের নতুন সময়ের প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খানসহ আরো অনেকে।
News Courtesy:
https://www.kalerkantho.com/print-edition/news/2021/08/19/1064858