Centre for Governance Studies, Dhaka

CGS in the media

বাংলাদেশের মতো ছোট দেশগুলোর সামরিক জোটে যাওয়া উচিত নয়

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

বাংলাদেশের মতো ছোট দেশগুলোর কোনো ধরনের সামরিক জোটে অংশ নেওয়া উচিত নয়। তবে বিভিন্ন ইস্যুতে এসব দেশের গঠনমূলক ভূমিকা রাখার সুযোগ রয়েছে। বুধবার সেন্টার ফর গভার্ন্যান্স স্টাডিজ- সিজিএস আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা এ অভিমত প্রকাশ করেন।

‘এশিয়ায় সামরিকায়ন: এ অঞ্চলের ছোট দেশগুলোর করণীয়’ শীর্ষক এ ওয়েবিনারের আয়োজন করে সিজিএস। ওয়েবিনার সঞ্চালনা করেন চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ- বিআইআইএসএসেরর সাবেক চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমেদ।

ওয়েবিনারে অংশ নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ-বিআইপিএসএসের প্রেসিডেন্ট মেজর (অব.) জেনারেল আ ন ম মুনীরুজ্জামান বলেন, বাংলাদেশের মতো ছোট ছোট দেশগুলোর কোনো ধরনের সামরিক জোটে অংশ নেওয়া উচিত নয়। তবে বিভিন্ন ইস্যুতে এসব দেশ গঠনমূলক ভূমিকা রাখতে পারে। এসব দেশকে অর্থনৈতিক, বাণিজ্যিক ও যোগাযোগে প্রাধান্য দেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

ভারতের বিবেকানন্দ ফাউন্ডেশনের সিনিয়র ফেলো ড. রাধা দত্ত বলেন,'আমরা সবাই ভারত মহাসাগরসহ এশিয়া অঞ্চলে আঞ্চলিক স্থিতিশীলতা চাই। তবে এ সময়ে করোনা মহামারি চলছে। সে কারণে সব দেশকেই করোনা মহামারি প্রতিরোধে জোর দিতে হবে।

পাকিস্তানের আন্তর্জাতিক বিশ্লেষক ড. মারিয়া সুলতান বলেন, চীন বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ- বিআরআই নিয়ে সামনে এগিয়ে চলছে। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার দেশগুলোকে নিয়ে বিআরআই বাস্তবায়ন করছে চীন। তবে আগামীতে চীন এ অঞ্চলের সাগর-মহাসাগর ঘিরেও তাদের পরিকল্পনা বিস্তৃত করতে পারে। আর সে কারণেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়াড্রিলেটারেল সিকিউরিটি ডায়লগ- কোয়াড এ অঞ্চলে শক্তিশালী হতে পারে বলে তিনি মনে করেন।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সাবেক বার্তা সম্পাদক ল্যারি জ্যাগান বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে মিয়ানমারে সামরিক হস্তক্ষেপ বেড়েছে। তবে ওই অঞ্চলের অন্যান্য দেশে সামরিক হস্তক্ষেপ বাড়েনি। এ সময়ে করোনা মহামারি প্রতিরোধে দেশগুলোকে সহযোগিতা বিস্তারে জোর দেন তিনি।

ওয়েবিনারে আরও আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাহাব এনাম খান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী ও সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লার রহমান।

News Courtesy:

https://samakal.com/economics-others/article/210771083/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%8B-%E0%A6%9B%E0%A7%8B%E0%A6%9F-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%9C%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%89%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%A8%E0%A7%9F