২০২১ সালের মধ্যে ৬০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে : বাণিজ্যমন্ত্রী
প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে সক্ষমতা অর্জনের জন্য বাংলাদেশ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দেওয়া বাণিজ্য সুবিধা গ্রহনের জন্য পেপার লেস বাণিজ্যে সক্ষমতা অর্জনের প্রস্তুতি চলছে।
গতকাল শনিবার রাজধানীতে সেন্টার ফর গভর্েনন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বাংলাদেশ ইন রিজিওনাল ট্রেড এন্ড কানেকটিভিটি ঃ এ পলিটিকো-ইকোনমিক অ্যাসেসমেন্ট’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এন্ড স্টাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এর মিলনায়তনে সেমিনারের আয়োজন করা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশীয় শিল্পের সুরক্ষা দিয়ে বাংলাদেশ আমদানি ও রপ্তানি নীতি গ্রহন করে। এ নীতির ফলে বাংলাদেশ ইতোমধ্যে সিমেন্ট, রড, পেপার, টিনসহ অনেক পণ্যের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করেছে। তিনি বলেন, বৈদেশিক বাণিজ্যের আকার বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশ চট্রগ্রাম, মংলা বন্দরের পাশাপাশি পানগাঁও ও পায়রা সমুদ্র বন্দর চালু করেছে, রাস্তাঘাট সম্প্রসারণ করা হচ্ছে। বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির সাথে সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই। বাংলাদেশ, ভূটান, ইন্ডিয়া নেপাল (বিবিআইএন) এবং বাংলাদেশ, চীন, ইন্ডিয়া, মায়ানমার (বিসিআইএম) কানেকটিবিটি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। আগামী ২৯ আগস্ট বাংলাদেশ থাইল্যান্ডের ব্যাংককে বাণিজ্য সহজীকরণ চুক্তিতে স্বাক্ষর করবে বলে তিনি জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ২০২১ সালের মধ্যে ৬০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ডব্লিউটিও-এর সিদ্ধান্ত মোতাবেক ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা, চীন ভারতসহ বিভিন্ন উন্নত দেশের দেওয়া বাণিজ্য সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে এগিয়ে যাচ্ছে।
সেন্টার ফর গভরনেন্স স্টার্ডিজ (সিজিএস) এর প্রেসিডেন্ট প্রফেসর ড. এম আতাউর রহমান এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবীদ এম শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, জাতীয় সমাজতান্ত্রীক দলের সভাপতি আ স ম আব্দুর রব, এফবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট মীর নাসির হোসেন, এনবিআর-এর সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ, বিআইআইএসএস-এর প্রেসিডেন্ট অ্যাম্বাসেডর মুন্সী ফয়েজ আহমেদ প্রমুখ।
News Courtesy: http://www.ittefaq.com.bd/print-edition/trade/2017/08/20/217502.html