Centre for Governance Studies, Dhaka

CGS in the media

সিজিএস-সিআইপিই জরিপ রাজনৈতিক দলের প্রতি মানুষের আস্থা কম

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে রাজনৈতিক দলের প্রতি মানুষের আস্থা সবচেয়ে কম। বিপরীতে মানুষের সর্বোচ্চ আস্থার জায়গা দখল করেছে সেনাবাহিনী। জাতীয়ভাবে প্রতিনিধিত্বশীল ১ হাজার ২৩১ প্রাপ্তবয়স্কের ওপর পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজ (সিআইপিই) গত বছরের ২৭ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত এ জরিপ চালায়।

আজ মঙ্গলবার জরিপের ফলাফল প্রকাশ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিজিএস বলেছে, জরিপে অংশগ্রহণকারীর ৪৪ শতাংশ মনে করেন, দেশে দুর্নীতি অগ্রহণযোগ্য পর্যায়ে রয়েছে। তবে দুর্নীতিকে ৩৪ শতাংশ গ্রহণযোগ্য এবং ২২ শতাংশ বিষয়টি নিয়ে অনিশ্চিত বলে মত দিয়েছেন।

জরিপের ফলাফলে বলা হয়, বাংলাদেশে নাগরিকদের মধ্যে দুর্নীতি দমন আইন বিষয়ে সচেতনতা খুবই কম। অংশগ্রহণকারীদের মাত্র ৫ দশমিক ৭ শতাংশ এ বিষয়ে সচেতন বলে জানিয়েছেন। জরিপে অংশ নেওয়া দুই-তৃতীয়াংশের বেশি মানুষ জানান, অনুমোদনহীন সেবা, অর্থ উপহার অথবা ঘুষ কখনোই সমর্থনযোগ্য নয়। বাকি এক-তৃতীয়াংশ মনে করেন, এসব কর্মকাণ্ড মাঝেমধ্যে সমর্থনযোগ্য।

জরিপে প্রতিষ্ঠানের ওপর আস্থার বিষয়ে সাতটি নির্ধারিত প্রতিষ্ঠান সম্পর্কে অংশগ্রহণকারীরা উত্তর দেন। তাঁরা সেনাবাহিনীকে সবচেয়ে বেশি আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরেন। আস্থার ভিত্তিতে এর পরের প্রতিষ্ঠানগুলো হলো যথাক্রমে আইন ও বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার, ভূমি প্রশাসন, স্থানীয় নেতা ও পুলিশ। তবে উত্তরদাতারা রাজনৈতিক দলকে সবচেয়ে কম আস্থাভাজন হিসেবে মতামত দিয়েছেন।

জরিপে আরও বলা হয়, করোনা মহামারির সময়ে দেশে ১৪ দশমিক ৭ মিলিয়ন পরিবার (মোট জনসংখ্যার ৪১ শতাংশ) থেকে কমপক্ষে একজন কর্মসংস্থান হারিয়েছেন।

News Courtesy:

https://samakal.com/bangladesh/article/2205114227/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%88%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%95%E0%A6%AE