Centre for Governance Studies, Dhaka

CGS in the media

সিজিএস এর আঞ্চলিক আলোচনাসভায় উদ্যোক্তারা ‘বাংলাদেশে দুর্নীতি বর্তমানে একটি অপ্রিয় চরম সত্য’

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

বাংলাদেশে দুর্নীতি একটি অপ্রিয় চরম সত্যে রূপান্তরিত হয়েছে যা সমাজ থেকে সহজে নির্মূল করা সম্ভব নয়। দুর্নীতির কারণে সমাজের প্রশাসনিক এবং সরকারি গোষ্ঠী লাভবান হলেও ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতেরউদ্যোক্তারা বর্তমানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। উদ্যোক্তাদের নতুন ব্যবসা শুরু থেকে তা পরবর্তীতে পরিচালনা করার ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নেওয়া এবং ঘুষ দেওয়া একটি স্বাভাবিক প্রথায় পরিণত হয়েছে।

আজ শনিবার সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক আঞ্চলিক আলোচনা সভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উদ্যোক্তারা এসব কথা বলেন। ব্যবসার ক্ষেত্রে উদ্যোক্তাদের প্রতিনিয়ত সম্মুখীন হওয়া দুর্নীতির অভিজ্ঞতা এবং এই দুর্নীতি প্রতিরোধে একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজন নিয়ে এই আলোচনাসভার আযোজন করা হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজ (সিআইপিই)-এর সহায়তায় এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় ঢাকার সিরডাপ মিলনায়তনে। ঢাকা বিভাগের বিভিন্ন পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।

আলোচনায় অংশগ্রহণকারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের প্রতিনিধিরা তাঁদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে সম্মুখীন হওয়া দুর্নীতির নানা অভিজ্ঞতা তুলে ধরেন। সকল উদ্যোক্তাই উল্লেখ করেন ট্রেড লাইসেন্স তৈরি, প্রতিবছর লাইসেন্স নবায়ন, নিবন্ধন প্রক্রিয়া, ভ্যাট প্রদান- প্রতিটি ক্ষেত্রেই তাঁদের দুর্নীতির আশ্রয় নিতে বাধ্য হতে হয় এবং প্রতিটি দপ্তরে অতিরিক্ত অর্থ দিতে হয়। দুর্নীতির কারণে অনেক সময় বৈদেশিক বিনিয়োগকারীরাও এই দেশে বিনিয়োগ করতে অনীহা প্রকাশ করেন বলে তাঁরা মতামত প্রকাশ করেন। আলোচনায় উপস্থিত একজন ব্যবসায়ী দুর্নীতিকে ব্যাখ্যা করার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি এবং আমলাতন্ত্রের জটিলতার কথা উল্লেখ করেন। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের ঋণ প্রদানসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রেও ব্যাংকগুলোও নানাভাবে হয়রানির শিকার করে বলে তাঁরা মতামত প্রকাশ করেন।

একজন নারী উদ্যোক্তা বলেন, নারী হিসেবে তাঁদের অতিরিক্ত হয়রানির সম্মুখীন হতে হয়। যার কারণে, বর্তমানে নতুন নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরুর ক্ষেত্রে অনলাইন প্লাটফর্ম অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ, এক্ষেত্রে তাঁদের ট্রেড লাইসেন্স এর দরকার হয় না বা কোন প্রকার দুর্নীতির শিকার হতে হয়না।

আলোচনা সভায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা এবং সেখানে উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত ও সম্মিলিতভাবে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করা হয়।

আলোচনাসভায় উদ্যোক্তাদের মধ্যে শাহেদুল ইসলাম হেলাল, আবদুল হক, আব্দুর রাজ্জাক, শোয়েব চৌধুরী, হেলাল উদ্দীন এবং সিজিএজ এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানসহ প্রমুখ অংশগ্রহণ করেন।

News Courtesy:

https://www.kalerkantho.com/amp/online/national/2022/09/10/1182107