Centre for Governance Studies, Dhaka

CGS in the media

সব দলের অংশগ্রহণে ‘বিশ্বাসযোগ্য’ নির্বাচন চায় ইইউ

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, ‘আমরা চাই বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক এবং এটি যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়।’

সব দলের অংশগ্রহণে একটি ‘বিশ্বাসযোগ্য’ জাতীয় নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রাজধানীর গুলশানে শনিবার সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

তিনি বলেন, ‘আমরা চাই বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক এবং এটি যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়। নির্বাচন নিয়ে নিজেরা কোনো মন্তব্য না করে জনগণের মতামতের ভিত্তিতে বিশ্লেষণ করতে আগ্রহী ইইউ।

‘আগামী দশকে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আরও ঘনিষ্ঠ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজের চেয়ারম্যান ড. মঞ্জুর এ চৌধুরী ও এক্সিকিউটিভ ডিরেক্টর জিল্লুর রহমান।

চার্লস হোয়াইটলি বলেন, ‘বাংলাদেশের আঞ্চলিক অস্থিরতা নিয়ে শঙ্কা আছে ইউরোপীয় ইউনিয়নের। অস্থিরতা নিরসনে সার্ক ও বিমসটেক কার্যকরী ভূমিকা রাখতে পারে। যদিও এই অঞ্চলে সবার অবস্থান শক্তিশালী করতে ইন্দো প্যাসিফিক স্ট্রাটেজিকে গুরুত্ব দিচ্ছে ইইউ।’

রাষ্ট্রদূত জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। আইসিজে, আইসিসি যদিও সঙ্কট সমাধানে কাজ করছে। তবু আমরা সবসময়ই বাংলাদেশের পক্ষে কাজ করে যেতে চাই। যদিও ইউক্রেন পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে শরণার্থীর সংখ্যা বেড়ে যাচ্ছে। তবু আমরা রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।

News Courtesy:

https://www.newsbangla24.com/news/199427/EU-wants-credible-elections-with-participation-of-all-parties