Centre for Governance Studies, Dhaka

CGS in the media

‘বে অফ বেঙ্গল কনভারসেশন’ শীর্ষক আন্তর্জাতিক সংলাপের আয়োজন করছে সিজিএস

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ‘বে অফ বেঙ্গল কনভারসেশন’ শীর্ষক এক আন্তর্জাতিক সংলাপের উদ্যোগ নিয়েছে। আগামী বছরের ২৮ থেকে ৩০শে মে ঢাকায় এ সংলাপ অনুষ্ঠিত হবে। সিজিএস আগামীতে প্রতি বছরই ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করবে। এবারের  আয়োজনে বিশ্বের ৭০টিরও বেশি দেশের বিষয়সংশ্লিষ্ট গবেষক-শিক্ষক-লেখক-সমরবিদ-সাংবাদিক-ব্যবসায়ী, রাজনীতিকসহ নানা পেশার ২০০ জন গুরুত্বপূর্ণ বক্তাসহ ছয় শতাধিক অংশগ্রহণকারী অংশ নেবেন।

এ উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে, এ অঞ্চলে দ্রুত বিকাশমান পরিস্থিতিকে বৈশ্বিক   প্রেক্ষাপটে জানা-বোঝা। আপনারা জানেন  যে, এরই মধ্যে বঙ্গোপসাগর অধ্যুষিত এ অঞ্চল বিশ্বের মনোযোগের কেন্দ্রে রয়েছে। মানবসম্পদ উন্নয়ন, জনস্বাস্থ্য, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলার পাশাপাশি এ অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতি  অন্যদের নজর কাড়তে সক্ষম হয়েছে। এ অর্জনগুলো টেকসই হলে এর সুফল শুধু এ অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বাকি বিশ্বও এ ধারায় যুক্ত হবে। অন্যদিকে এ অঞ্চলের নানা দেশে দুর্বল গণতান্ত্রিক পরিস্থিতি, সুশাসনের ঘাটতি, রাষ্টীয় সম্পদের অপব্যবহারের মতো বিষয়গুলো বড় পরিসরে উদ্বেগ তৈরি করছে।

এ  ধারা অব্যাহত থাকলে তা আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে বিপর্যয় ডেকে আনতে পারে। এসব সামগ্রিক বিষয় নিয়ে এশিয়া এবং বঙ্গোপসাগর অঞ্চলের বাইরের বিশ্বকেও ভাবতে হবে। তিনদিনব্যাপী অনুষ্ঠিতব্য ‘বে অফ বেঙ্গল কনভারসেশন-এর  নানা পর্বে প্রাণবন্ত আলোচনা-বিতর্কের মধ্য দিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান সূত্রসমূহ উপস্থাপন করা হবে।

আয়োজন সম্পর্কে সিজিএস-এর নির্বাহী পরিচালক এবং ‘বে অফ বেঙ্গল কনভারসেশন’-এর চেয়ার জিল্লুর রহমান বলেছেন, এর মাধ্যমে আমরা একটি কার্যকর  বৈশ্বিক প্ল্যাটফরম গড়ে তুলতে চাই। আমরা মনে করি, বিশ্বের বিভিন্ন প্রান্তের নানা শ্রেণি-পেশার মানুষের কণ্ঠস্বর এ আয়োজনের মধ্য দিয়ে উঠে আসবে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ  চৌধুরী বলেছেন, এ ধরনের উদ্যোগ বড় পরিসরে আলোচনা ও বিতর্কের ক্ষেত্র তৈরি করবে।

News Courtesy:

https://mzamin.com/article.php?mzamin=300839&fbclid=IwAR2PE52CFOEHIjBj68Yy1vFd5qObAE-lRieWMgjdx7d1rGrdHpI8LEx2eYE#.YYdU3hLOreQ.facebook