নৌপরিবহন মন্ত্রণালয়ের নামের মধ্যে ‘নৌকা’ শব্দটি থাকায় এ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘জাহাজ বন্দর মন্ত্রণালয়’ করার প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
আজ শনিবার রাজধানীর রমনায় বিআইআইএসএস মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে তিনি এ কথা জানান।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, ‘নৌকা থাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে। আমি নৌকা চালাই না, জাহাজ চালাই।
ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি মনে করি অভিযুক্তদের ফিরিয়ে আনার দরকার নেই। তাদের অনুপস্থিতেই বিচার করা উচিত। ন্যুরেমবার্গ ট্রায়ালের মতো। হত্যার সব প্রমাণ আছে। নির্দেশদাতা হিসেবে বিচার হবে।’
তিনি বলেন, ‘ছাত্র আন্দোলনের সময় পুলিশের কর্মকাণ্ড দেখে মনে হয়নি যে, ওরা আমাদের দেশের পুলিশ। পুলিশের বন্দুক কীভাবে সিভিল পোশাকের মানুষের হাতে গেল? ৭.৬২ রাইফেল তারা কোথায় পেল?’
পুলিশে সংস্কারের বিষয়ে তিনি বলেন, ‘অবশ্যই সংস্কার প্রয়োজন। তারা নিজেরাও সেটা চাচ্ছে। এ জন্য পুলিশ কমিশন করতে হবে। পুলিশকে যদি মানুষের বন্ধু বানাতে হয়, তবে সংস্কার করতেই হবে।’
উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগ নাৎসিদের মতো জঘন্য কাজ করেছে। এত কম সময়ে এত মানুষ কোথাও মরেনি। এ জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই হবে। প্রয়োজনে আলাদা ট্রায়াল গঠন করতে হবে।’
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের নামের তালিকা প্রকাশ বিষয়ে ক্যাবিনেটে বিস্তারিত কথা হবে বলেও জানান নৌপরিবহন উপদেষ্টা।
News Courtesy: