মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, পাঁচটি উপাদান বিশিষ্ট ইন্দো-প্যাসিফিক গড়ে তুলতে বাংলাদেশ এবং অন্যান্য অংশীদারদের সাথে কাজ করতে চান তারা। তিনি বলেন, ‘আমরা এমন একটি অঞ্চল চাই যেটি স্বাধীন এবং উন্মুক্ত, আন্তঃসংযুক্ত, সমৃদ্ধ, সুরক্ষিত এবং স্থিতিস্থাপক। আমরা এই দৃষ্টিভঙ্গিটি অন্যান্য অনেক জাতির সাথে ভাগাভাগি করি।’
গতকাল রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বে অব বেঙ্গল কনভারসেশনে ‘ইন্দো-প্রশান্ত মহাসাগরে বহুপক্ষীয় কাঠামোর অগণিত অংশবিশেষ’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তব্য দেন। এ সময় তিনি মন্তব্য করেন, তারা কোনো জাতিকে যুক্তরাষ্ট্র এবং অন্য কোনো অংশীদারের মধ্যে বেছে নিতে বলেন না। হাস বলেছেন, যেহেতু আমরা ভূ-রাজনৈতিক প্রবণতা পরিবর্তন করতে পারি, সেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে যুক্তিসঙ্গত নেতা হিসেবে পরিচালনা করবে। আমরা সঙ্ঘাত চাই না। আমরা স্নায়ুযুদ্ধ চাই না। রাষ্ট্রদূত বলেন, একটি স্বাধীন, উন্মুক্ত, নিরাপদ এবং সমৃদ্ধ বিশ্বের জন্য তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে যুক্তরাষ্ট্র সোচ্চার থাকবে।
রাষ্ট্রদূত হাস বলেছেন, ভাগ করা হুমকি মোকাবেলার সুযোগের শূন্যতা দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমাদের দৃষ্টিভঙ্গি একটি ভাগ করা দৃষ্টিভঙ্গি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের প্যারিস শান্তি ফোরামে এই অঞ্চলের জন্য বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।’
উল্লেখ্য, প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২২’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। এ সম্মেলনে ৭০টি দেশের ২০০ প্রতিনিধি ছয়টি বিষয়ের ওপর আলোচনা করবেন। বিশ্বের ভূরাজনৈতিক ও বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবেন তারা। এ সম্মেলন চলবে ২১-২৩ নভেম্বর পর্যন্ত।
সম্মেলনটির আয়োজক সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) রোববার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানায়, আন্তর্জাতিক সম্মেলনটি ঘিরে বিশ্বের বিভিন্ন দেশের দীপ্তমান মানুষ ঢাকায় আসবেন এবং তারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সমৃদ্ধি, দারিদ্র্য ও আয়ের সমতা উন্নতির প্রতিবন্ধকতার বিষয়ে আলোচনা এ সম্মেলনে গুরুত্ব পাবে।
News Courtesy: