সুশাসনের জন্য নাগরিক’র (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ব্রিটিশ আমলে কর আদায়ের জন্য যে আইন করা হয়েছে তা এখনও পরিবর্তন করা হয়নি, এটি কর আদায়কারী কর্মকর্তাদেরকে অবারিত ক্ষমতা দিয়ে দিয়েছে যা আমাদেরকে শোষণ করছে। তিনি আরও বলেন, দুর্নীতি শুধু সর্বগ্রাসী হয়েছে তাই নয়, তা আমাদের আচরণের ও সমাজের অংশ হয়ে গেছে।
গত মঙ্গলবার সিজিএস ঢাকার একটি বেসরকারি হোটেলে এসএমই উদ্যোক্তাদের নিয়ে একটি নেটওয়ার্কিং অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক’র (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ’র সাবেক সভাপতি ও এফবিসিসিআই-এর সাবেক পরিচালক শাহেদুল ইসলাম হেলাল, জাতীয় রাজস্ব বোর্ড’র (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, বাংলাদেশে রিপাবলিক অব জিবুতির অনারারি কনসুল আবদুল হক এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ। জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজ’র (সিআইপিই) আয়োজিত নেটওয়ার্কিং মাধ্যমে ব্যবসায়িক খাতে দুর্নীতি প্রতিরোধে এসএমই উদ্যোক্তাদের জন্য আলাদা প্ল্যাটফর্ম তৈরির তাগিদ লক্ষ্য করা যায়। বেসরকারি খাত এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের দুর্নীতি সংক্রান্ত সমস্যাগুলো চিহ্নিত করতে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজ (সিআইপিই)-এর সহযোগিতায় একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে।
এই গবেষণার অধীনে সিজিএস ইতিমধ্যে সারা দেশে দুটি জরিপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উপর একটি পর্যালোচনা প্রতিবেদন, আটটি আঞ্চলিক আলোচনা সভা এবং একটি সিএএসি সম্মেলন সম্পন্ন করেছে। তারই ধারাবাহিকতায়, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে সম্পৃক্তদের নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি এবং ভাবনা বিনিময়ের লক্ষ্যে অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের এসএমই উদ্যোক্তারা অংশগ্রহণ করেন এবং নিজেদের মধ্যে ব্যবসায়িক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এর পাশাপাশি সিজিএসের পক্ষ থেকে তাদের গবেষণা থেকে প্রাপ্ত ফলাফলের উপর একটি উপস্থাপনা তুলে ধরে হয় এবং উদ্যোক্তাদের সাথে স্পিকারদের একটি আলোচনা ও প্রশ্ন-উত্তর পর্ব পরিচালিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ’র (সিজিএস) নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। তিনি বলেন, “দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে, এসএমই খাতও তার বাইরে নয়। এ খাত থেকে দুর্নীতি দূর করতে একটি প্ল্যাটফর্মের প্রয়োজন যেখানে উদ্যোক্তারা নিজেদের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করবেন”।
News Courtesy: