সরকার ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন ও এর অপপ্রয়োগ বন্ধের আশ্বাস দিলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না। নির্বাচনকে ঘিরে সামনের দিনগুলোতে এই আইনের অপপ্রয়োগ বাড়তে পারে।
গতকাল সোমবার সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) এক ওয়েবিনারে আলোচকরা এ কথা বলেন। এরই মধ্যে যাঁরা ওই আইনে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের ক্ষতিপূরণসহ আইনটি বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা।
২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ‘এখন কী করতে হবে?’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করে সিজিএস। এতে সিজিএসের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইসড প্রফেসর আলী রিয়াজ বলেন, ‘সরকারের ব্যক্তিরাই স্বীকার করেছেন যে এই আইনের অপব্যবহার হচ্ছে। এই অপব্যবহার বন্ধে তাঁদেরই সদিচ্ছার পরিচয় দিতে হবে।’
সিজিএসের গবেষণায় পাওয়া তথ্য তুলে ধরে তিনি বলেন, এই আইনের অধীনে এক হাজার ২৯৫টি মামলায় তিন হাজার ৬৪৪ জনকে অভিযুক্ত এবং এক হাজার ৩৭৮ জনকে আটক করা হয়েছে।
সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, বর্তমানে আইনটি যেভাবে ব্যবহার করা হচ্ছে, ভবিষ্যতে অন্য কোনো দল এলে তারাও এভাবে ব্যবহার করবে। তিনি দ্রুত এই আইন বাতিলের দাবি করেন।
News Courtesy:
https://www.kalerkantho.com/print-edition/news/2023/04/18/1272426
