জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) “মিট দ্য অ্যাম্বাসেডর-টকিং ডিপ্লোম্যাসি ফর কো-অপারেশন” শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও জার্মান গবেষণা প্রতিষ্ঠান ফ্রেডরিক এবার্ট স্টিফটাং (এফইএস)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ।
স্বাগত বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, জার্মানি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। দেশটি আমাদের তরুণ প্রজন্মের কাছে জ্ঞান, শৃঙ্খলা ও উদ্ভাবনের প্রতীক। সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের পুনর্গঠন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তরুণ সমাজকে সঠিক দিকনির্দেশনা দেওয়া সময়ের দাবি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী গবেষণা ও শিল্পখাতের সঙ্গে আরও সংযুক্ত করতে চায়। এ ক্ষেত্রে জার্মানির দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। এ সফরের মাধ্যমে জাবির সঙ্গে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ বলেন, জাবির শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের অর্থবহ সংলাপে অংশ নিতে পেরে তিনি অনুপ্রাণিত। তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন-জি, বাংলাদেশের ভবিষ্যতের প্রকৃত রূপকার। জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সংস্কারের যে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, তা একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য গুরুত্বপূর্ণ।
জার্মানি বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদার উল্লেখ করে তিনি বলেন, সঠিক শিক্ষা ও দিকনির্দেশনার মাধ্যমে আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির একটিতে পরিণত হওয়ার সম্ভাবনা রাখে।
তিনি আরও জানান, বাংলাদেশ-জার্মানি সম্পর্ক এখন শুধু সহায়তা-নির্ভর নয় এটি ধীরে ধীরে কৌশলগত অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছে। বাণিজ্যের বহুমুখীকরণ, উচ্চশিক্ষা এবং কারিগরি দক্ষতা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশি তরুণদের বৈশ্বিক শ্রমবাজারের জন্য প্রস্তুত করতে জার্মানি সহযোগিতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজিএসের সভাপতি জিল্লুর রহমান, ফ্রেডরিক এবার্ট স্টিফটাংয়ের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ড. ফেলিক্স গারডেসসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
News Courtesy:
জাবিতে “মিট দ্য অ্যাম্বাসেডর-টকিং ডিপ্লোম্যাসি ফর কো-অপারেশন” অনুষ্ঠিত