Centre for Governance Studies, Dhaka

CGS in the media

‘জবাবদিহির আওতায় না আনা পর্যন্ত র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা থাকবে’

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) ওপর নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

তিনি বলেছেন, জবাবদিহির আওতায় না আনা পর্যন্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং এর ৭ সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ-সিজিএস আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, সাংবাদিক ও সাবেক কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

পিটার হাস বলেছেন, নিষেধাজ্ঞাগুলো শাস্তি দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং আচরণ পরিবর্তন ও তাদেরকে জবাবদিহির আওতায় আনার জন্য। গত বছরের ডিসেম্বরে নিষেধাজ্ঞা দেওয়ার পর বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এটা খুব ভালো সংকেত।

গুমের বিষয়ে জানতে চাইলে পিটার হাস বলেন, অভিযোগের তদন্তের জন্য যুক্তরাষ্ট্র স্বাধীন প্রক্রিয়া চায়।

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের কথা তুলে ধরে তিনি সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সহিংসতা থাকলে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

এ সময় এক প্রশ্নের উত্তরে পিটার হাস বলেন, ইন্দো প্যাসিফিক কৌশল আইপিএসে বাংলাদেশের যোগ দেওয়া- না দেওয়াটা কোনো বিষয় নয়। কারণ, এটা একটি নীতি। এটা বাংলাদেশ কীভাবে নেয়, দেখার বিষয়।

News Courtesy:

https://barta24.com/details/national/167959/rab