ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে গণমাধ্যমে ন্যূনতম বেতন কাঠামো চালু করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: গণমাধ্যম প্রসঙ্গ’ শীর্ষক সংলাপে তিনি এই মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে ন্যূনতম বেতন কাঠামো চালু করা উচিত। ওয়েজ বোর্ড সিস্টেম ত্রুটিপূর্ণ। একটা বেসিক বেতনের নিচে যেন তাকে নিয়োগ না করা যায়। ন্যূনতম বেতনের আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। ন্যূনতম বেতনের বাইরে কেউ নিয়োগ দিলে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে।
আন্ডারগ্রাউন্ড পত্রিকার ব্যাপারে তিনি বলেন, 'আন্ডারগ্রাউন্ড পত্রিকাগুলো উন্মোচন করা উচিত। তাদের কারণেই সাংবাদিকরা কম বেতন পাচ্ছে।'
সাংবাদিকতা কোনও সস্তা জিনিস নয় উল্লেখ করে প্রেস সচিব বলেন, 'সংবাদের ক্ষেত্রে কনটেন্ট প্রটেকশন দিতে হবে। যারা অরিজিনাল কনটেন্ট করেন তাদের কপিরাইট প্রটেকশন দিতে হবে।'
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের প্রেস উইংয়ের কাজই ছিল নিউজ বন্ধ করা। তবে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু করছে না।
News Courtesy: