অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণমাধ্যমে অর্থনৈতিক মডেলের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি, ওয়েজবোর্ডের সিস্টেমটা বন্ধ করে দেওয়া উচিত। বরং গণমাধ্যমে ন্যূনতম বেতন কাঠামো ঠিক করে দেওয়া উচিত।
রবিবার (২২ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: গণমাধ্যম প্রসঙ্গ’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, একটা বেসিক বেতনের নিচে যেনো সাংবাদিকদের নিয়োগ না করা যায়। নূন্যতম বেতনের আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। নূন্যতম বেতনের বাইরে কেউ নিয়োগ দিলে তাদের বন্ধ করে দিতে হবে। আন্ডারগ্রাউন্ড পত্রিকাগুলোর উন্মোচন করা উচিত। ওদের কারণেই সাংবাদিকরা কম বেতন পাচ্ছে।
তিনি আরো বলেন, গত ১৫ বছর বাংলাদেশের মিডিয়া জনগণের কথা বলেনি। অনেক ক্ষেত্রে তারা তাবেদারি করেছে। গণমাধ্যম কমিশন করা হয়েছে। এই কমিশন যেন সবার কথা শুনে ভালো একটা রিপোর্ট করে, যাতে গণমাধ্যম নিজের পায়ে দাঁড়াতে পারে, যেন ভয়ভীতির পরিবেশ ছাড়া সে রিপোর্টগুলো করতে পারে, এই সেক্টরে যারা কাজ করে- তাদের অধিকার যেন সুরক্ষিত হয়।
শফিকুল আলম বলেন, সংবাদের ক্ষেত্রে কনটেন্ট প্রটেকশন দিতে হবে। যারা অরিজিনাল কনটেন্ট করেন তাদের কপিরাইট প্রটেকশন দিতে হবে। সাংবাদিকতা কোনো সস্তা জিনিস নয়।সাংবাদিকদের একটি শক্তিশালী ইউনিয়ন লাগবে। ইউনিয়নগুলোকে স্বাধীন করতে সংস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। গণমাধ্যমের বিভিন্ন ব্যর্থতা চিহ্নিত করে তার পুনরাবৃত্তি বন্ধ করার ব্যাপারেও জোর দেন তিনি।
সংলাপে বক্তব্য রাখেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) চেয়ার মুনিরা খান, নির্বাহী পরিচালক জিল্লুর রহমান, দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মাহবুব মোর্শেদ, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল প্রমুখ।
News Courtesy:
ওয়েজবোর্ডের সিস্টেমটা বন্ধ করে দেওয়া উচিত : প্রেস সচিব || Bahanno News