Centre for Governance Studies, Dhaka

CGS in the media

এই সেলের কাজ কী হবে তার খসড়া তৈরি করতে ইতোমধ্যে একজন অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেয়া হয়েছে বলেও মন্ত্রী জানান

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে আলাদা সেল গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

 

তিনি বলেন, “মশা নিয়ন্ত্রণে ও মশাজনিত স্বাস্থ্যগত সমস্যাগুলোর সমাধানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা একটি সেল করা হচ্ছে। এই সেলের কাজ কী হবে তার খসড়া তৈরি করতে ইতোমধ্যে একজন অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

 

শনিবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে আয়োজিত ‘ভেক্টর প্রব্লেমস ইন বাংলাদেশ; অ্যান ইন্টিগরেটেড অ্যাপ্রোচ ’- শীর্ষক সেমিনারে মন্ত্রী প্রধান এ তথ্য জানান। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এ সেমিনারের আয়োজন করে।

 

মন্ত্রণালয়ের অধীনে সেল গঠনের প্রয়োজনীয়তা বর্ণনা করে তাজুল ইসলাম বলেন, মশাবাহিত রোগগুলো শুধু শহরে নয়, গ্রামেও হয়। এ মন্ত্রণালয় শহর, নগর, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে কাজ করে থাকে। সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

তিনি বলেন, “মশাবাহিত রোগের সমস্যা সমাধানে জনসচেতনতার বিকল্প নেই। সচেতনতা বাড়াতে হলে পাঠ্য বইয়ে এই বিষয়গুলি অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের গরুর রচনা পড়ালে চলবে না। সড়কে চলাচলের নিয়মকানুন ও মশাবাহিত রোগসহ জনসচেতনতামূলক নানা বিষয় জাতীয় শিক্ষা বোর্ডের সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে শিশুরা ছোট থেকে বিষয়গুলো সম্পর্কে সচেতন হবে।”

 

সিজিএস’র নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন সিজিএস’র ভাইস চেয়ারম্যান ডা. মনজুর আহমেদ চৌধুরী। কীটতত্ববিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবিরা সেমিনারে অংশগ্রহণ করেন।

 

Content Courtesy: https://bangla.dhakatribune.com/bangladesh/2019/10/19/16107