Centre for Governance Studies, Dhaka

CGS in the media

অভিযোগকারী রাজনীতিবিদদের ৭৮ শতাংশই আওয়ামী লীগের

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

বিলুপ্ত ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) করা মামলার অভিযোগকারীদের মধ্যে সবচেয়ে বেশি রাজনীতিবিদ। তাঁদের মধ্যে আওয়ামী লীগ–সংশ্লিষ্ট রাজনীতিবিদ ৭৭ দশমিক ৭৮ শতাংশ। আইনটির অধীনে ১ হাজার ৪১০টি মামলা বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

আজ মঙ্গলবার সিজিএস আয়োজিত ওয়েবিনারে ‘অনন্ত দুর্দশা: ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযুক্তদের অবস্থা’ শীর্ষক এক গবেষণায় এসব তথ্য তুলে ধরা হয়। গবেষণা দলের প্রধান যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড অধ্যাপক আলী রীয়াজ গবেষণাটি তুলে ধরেন।

বাংলাদেশ সরকার ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন পাস করে। আইনটি নিয়ে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা হয়। জাতীয় সংসদে আইনমন্ত্রী আনিসুল হকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত এই আইনে মামলা হয়েছে ৭ হাজার ১টি। গত সেপ্টেম্বরে সরকার ডিএসএ রদ করে সাইবার নিরাপত্তা নামে নতুন একটি আইন করে।

আলী রীয়াজ বলেন, সরকার ডিএসএ আইনে হওয়া মামলার সংখ্যা বাদে আর কোনো তথ্য দেয় না। এই আইন প্রচলনের পর ভয়াবহ অবস্থা দেখা গেছে। দায়ের করা বেশির ভাগ মামলা বিচারাধীন। অভিযুক্ত ব্যক্তিরা আর্থিক, শারীরিক, মানসিক ও সামাজিকভাবে হয়রানির শিকার হচ্ছেন। পাশাপাশি অনেকে নির্যাতন ও অপহরণেরও শিকার হয়েছেন।

সিজিএস ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ডিএসএতে করা ১ হাজার ৪১০টি মামলার তথ্য নিয়ে কাজ করেছে। সেগুলোর আসামি ৪ হাজার ৪০৪ জন এবং অভিযুক্ত ১ হাজার ৫১৯ জন। প্রতি মামলায় গড় আসামি ৩ দশমিক ১২ জন।

News Courtesy:

https://www.24onbd.com/%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A7%AD%E0%A7%AE-%E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6%E0%A6%87-%E0%A6%86%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0