Centre for Governance Studies, Dhaka

CGS in the media

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু: তুরস্কের রাষ্ট্রদূত

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু। তবে এই নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশ নেওয়া প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সমস্যা থাকলে তা সংলাপের মধ্য দিয়ে সমাধান করা যায়। বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান বুধবার সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন। সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে বুধবার বলেন, ‘বাংলাদেশ সরকার আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার চেষ্টা করছে। আশা করছি যে নির্বাচন নিয়ে এই দেশের জনগণের যে প্রত্যাশা সরকার তা পূরণ করতে পারবে। এই দেশের বড় রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে আমার জানা আছে। আমি মনে করি যে এই দুটি রাজনৈতিক দলের মধ্যে যে মতপার্থক্য তা তারা নিজেদের মধ্যে আলোচনা করলে সমাধান পাওয়া যাবে। কেননা সংলাপের মধ্য দিয়ে সমস্যার সমাধান করা যায়। কিন্তু দুঃখজনকভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ অনুষ্ঠান হচ্ছে না।’

রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান বলেন, ‘নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু। নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশ নেওয়া প্রয়োজন। একটি ভালো ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের স্বদিচ্ছা থাকতে হবে। নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশই সিদ্ধান্ত নেবে, কোনো বিদেশি শক্তি নয়। আসন্ন নির্বাচনে যে রাজনৈতিক দলই জয়লাভ করুক না কেন তাতে বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তুরস্ক বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে চায়, এমন তথ্য জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে শুধু সামরিক সরঞ্জাম ক্রয়-বিক্রয় নয়, তুরস্ক বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতাও বাড়াতে চায়। বাংলাদেশ তুরস্ক থেকে ড্রোন, টহল নৌযানসহ একাধিক সামরিক সরঞ্জাম সংগ্রহ করছে। তুরস্কের ভালোমানের সামরিক সরঞ্জাম উৎপাদনের অভিজ্ঞতা আছে এবং বিভিন্ন দেশ তা সংগ্রহও করছে। বাংলাদেশ-তুরস্ক দুই পক্ষ যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনে যেতে পারে।’

রোহিঙ্গা সংকট ইস্যুতে রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান বলেন, ‘রোহিঙ্গা সংকটের চ্যালেঞ্জ তুরস্ক বোঝে। কেননা তুরস্কও বাংলাদেশের মতো শরণার্থী সংকটের বোঝা বয়ে বেড়াচ্ছে। রোহিঙ্গা সংকট সমাধানের জন্য তুরস্ক সবসময়ই বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে। এই ইস্যুতে ওআইসি, আইসিজেসহ সব আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতা করছে তুরস্ক।’

News Courtesy:

https://www.shomoyeralo.com/details.php?id=204734