Centre for Governance Studies, Dhaka

CGS in the media

প্রায় ৫২ শতাংশ এসএমই প্রতিষ্ঠানকে ঘুস দিতে হয়

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

একটি জরিপে অংশগ্রহণকারী অর্ধেকের বেশি (৫২.০৬%) এসএমই প্রতিষ্ঠান জানিয়েছে, কভিড-১৯-পূর্ববর্তী সময়ে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পরিষেবা গ্রহণের ক্ষেত্রে তাদের ঘুস প্রদান করতে হয়। যেমন নতুন লাইসেন্স তৈরি এবং নবায়ন, সরকারি সেবা ব্যবহার, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিন) সংগ্রহ, ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) সনদ সংগ্রহ ইত্যাদি।

সম্প্রতি সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এবং সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজের (সিআইপিই) যৌথ উদ্যোগে বাংলাদেশের এসএমই খাতে জড়িত ৮০০ জন জাতীয় প্রতিনিধি নিয়ে এসএমই সেক্টরের বর্তমান অবস্থার ওপর এ জরিপ করা হয়। এদের মধ্যে ৪০০ জন উৎপাদন খাত এবং ৪০০ জন সেবা খাতে সম্পৃক্ত। এ জরিপ ২০২১ সালের অক্টোবরের মাঝামাঝি সময় থেকে শুরু করে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিচালিত হয়।

প্রতি ১০ জনের মধ্যে নয়জন মনে করেন, দুর্নীতি একটি সংক্রামক ব্যাধি। একটি বড় অংশ (৬২.৪%) বিশ্বাস করেন, প্রচলিত ব্যবস্থার মধ্যেই দুর্নীতির শিকড় অন্তর্নিহিত এবং আরো অধিকসংখ্যক (৭১.৩%) মনে করেন, দুর্নীতির অত্যধিক উপস্থিতি বাজারকে আরো অসম প্রতিযোগিতামূলক করে তোলে। অর্ধেকেরও বেশি উত্তরদাতা মনে করেন, বিশেষত ক্ষুদ্র ও মাঝারি খাতে কঠোর সরকারি নিয়মকানুন দুর্নীতি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। এসব ধারণার কারণে জরিপে অংশগ্রহণকারী বেশির ভাগ এসএমই উদ্যোক্তা (৬১%) অনৈতিক পথ বেছে নিয়েছেন।

তবে এছাড়া বেশকিছু কারণের কথা তারা উল্লেখ করেছেন। এসএমই থেকে প্রাপ্ত তথ্য অনুসারে সবচেয়ে বেশি যে ক্ষেত্র দুটির কথা ওঠে এসেছে সেগুলো হচ্ছে দুর্নীতিবিরোধী আইনের অনিয়মিত প্রয়োগ (৮৬.২%) এবং দুর্নীতিবিরোধী আইনের একদমই প্রয়োগ না করা (৭৯.৫%)। সরকারি কর্মকর্তাদের মধ্যে পেশাদারিত্বের অভাব (৭৭.৪%), সেই সঙ্গে সেবাদানের ক্ষেত্রে ঘুসের জন্য অনুরোধ (৭৩.৯%) সেবাগ্রহণকারীদের জন্য একটি উদ্বেগের বিষয়, যেখানে সেবা প্রদানকারী সংস্থাগুলোর ক্ষেত্রে ঘুস গ্রহণ অথবা বিশেষ সুবিধা ভোগের প্রতি চাহিদা (৭৩.৯%) দুর্নীতিকে আরো উৎসাহিত করছে।

News Courtesy:

https://bonikbarta.net/home/news_description/317086/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A7%AB%E0%A7%A8-%E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6-%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87-%E0%A6%98%E0%A7%81%E0%A6%B8-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A7%9F