গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকারের লঙ্ঘন, বিষয়টি স্বীকার করেছেন আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক ও সংসদ সদস্য অসীম কুমার উকিল। এসব ঘটনা অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেছেন তিনি। আজ বৃহস্পতিবার এক ওয়েবিনারে এ সব কথা বলেন এই এমপি।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ, সিজিএস আয়োজিত ‘জোরপূর্বক নিখোঁজ এবং রাষ্ট্রের দায়’ ওয়েবিনারে অসীম কুমার উকিল বলেন, গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হওয়ার কথা নয়, তারপরেও হচ্ছে। এই ব্যাপারে সবার দৃষ্টি দেওয়া দরকার।
দেশে রাজনীতির স্বাভাবিক গতিধারা বার বার ব্যাহত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বাভাবিক গতিধারা ব্যাহত হলেই অস্বাভাবিক কর্মকাণ্ড সামনে চলে এসেছে। এর ধারাবাহিকতায় এসব চলছে। গুম-অন্তর্ধান অস্বাভাবিক বিষয়, এগুলো বন্ধ করা আমাদের দায়িত্ব। যে কারণেই এগুলো হোক, সবাই মিলে বন্ধ করা উচিত।
ঢাকা মহানগর ছাত্রলীগের এক সময়কার সভাপতি মাহফুজের গুম প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ নেতা অসীম বলেন, এটা দীর্ঘদিন ধরে চলছে, যা কাঙ্ক্ষিত নয়, হতে পারে না। গণতন্ত্রের ধারা বিকাশমান, এটিকে আরো শক্তিশালী করা দরকার। গণতন্ত্রের ধারা যত শক্তিশালী হবে, রাজনৈতিক স্বাভাবিক প্রক্রিয়া ততটা ফিরে আসবে। গুম-খুন কমে আসবে, এক সময় বন্ধ হবে।
যারা দেশ পরিচালনা করেছেন, যারা করছেন, যারা করতে চান- সবার স্বতঃস্ফূর্ত ও দায়িত্বশীল অংশগ্রহণে গণতান্ত্রিক ধারা শক্তিশালী হবে। এটি হলেই জাতি সামনে এগিয়ে যাবে। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ হবে কেন? এটা দেশের ডাক, সবার ডাক হওয়া উচিত। এটি যখন সবার ডাক হবে, তখনই আমরা সামনে এগিয়ে যাব, বলেন তিনি।
News Courtesy:
https://www.bangla.24livenewspaper.com/bangladesh/92998-extrajudicial-killings-are-not-desirable

