সুশাসনের ঘাটতির কারণে দেশে ক্রনি ক্যাপিটালিজম বা স্বজনতোষী পুঁজিবাদ প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে বলে অভিমত দিয়েছেন একটি সেমিনারে অংশ নেওয়া বক্তারা। তাঁরা বলেন, বর্তমান সরকারের নৈতিক বৈধতার অভাব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতার ওপর প্রভাব ফেলছে।
গতকাল বুধবার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘গভর্ন্যান্স: অ্যা ক্রিটিক্যাল এক্সামিনেশন’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, সরকারের বৈধতা কেবল আইনগত নয়, নৈতিক বৈধতাও দরকার হয়। বলা হচ্ছে, নির্বাচনে এখন মানুষ অংশগ্রহণ করছে না, বা করতে চায় না। কারণ, অংশগ্রহণ করে প্রতিনিধিত্ব তৈরি হচ্ছে না।
স্বাধীনতার পর মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও সাম্যের পথে যে যাত্রা শুরু হওয়ার কথা ছিল, তা হয়নি মন্তব্য করে আলী রীয়াজ বলেন, ‘আমরা অর্থনৈতিক অগ্রগতি অর্জন করছি। এমন এক পুঁজিবাদ আমরা তৈরি করছি, যা ক্রনি ক্যাপিটালিজম বা কয়েকজনের পুঁজিবাদ। তাহলে আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে, তাতে যদি সাম্য তৈরি না হয়, তা দিয়ে আমি কী অর্জন করব?’
সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, জনগণের কল্যাণের জন্যই সুশাসনের ফলাফল নিয়ে আলোচনা করাটা জরুরি।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, ‘দেশে যে নির্বাচন ব্যবস্থা চলছে, তাতে সাধারণ মানুষ অংশগ্রহণে আগ্রহী না। মানুষ ভাবছে আমি তো সিস্টেমের মধ্যেই নাই। তাহলে আমি সেখানে কেন অংশ নেব?’
নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিশ্চিত করতে সুশীল সমাজকে তৎপর হতে হবে।
সিজিএসের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিনের ইমেরিটাস অধ্যাপক জিল্লুর রহমান খান, যুক্তরাষ্ট্রের ব্যাক হিলস স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আহরার হোসেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি কেটি ক্রোক, বাংলাদেশ অ্যালায়েন্স ফর ওমেন লিডারশিপের (বিডিএডব্লিউএল) নির্বাহী পরিচালক নাসিম ফিরদৌস, বিআইআইএসএসের চেয়ারম্যান মুনশী ফাইজ আহমাদ, ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ, আইনজীবী তানিয়া আমীর প্রমুখ।
News Courtesy: http://www.prothom-alo.com